জগন্নাথপুর প্রতিনিধি | ০৭ আগস্ট, ২০২১
সুনামগঞ্জের জগন্নাথপুরে গণটিকাদান কেন্দ্রেগুলোতে মানা হয়নি স্বাস্থ্য বিধি। কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় ছিল। তোথাও সামাজিক দুরত্ব ছিলো না।
শনিবার (৭ আগষ্ট) সকাল ৯টায় থেকে বিকেল ৩টা পর্যন্ত জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে ওয়ার্ড ভিত্তিক গণটিকাদান কার্যক্রম শুরু হয়।
উপজেলার গণটিকাদান কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধি তোয়াক্কা করে সকাল থেকে কেন্দ্রেগুলোতে টিকা নিতে আসা মানুষের ঢল নামে। অনেকেই পড়েননি মাস্ক। কার আগে কে টিকা নেবে এ নিয়ে লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে ছিল প্রতিযোগিতা। অধিকাংশ টিকাদান কেন্দ্রে দুপুর ২টার আগেই বরাদ্দকৃত টিকা প্রদান শেষ হয়ে যায়।
সরেজমিন পরির্দশনকালে উপজেলা আলমপুর, কেশবপুর, সাচায়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে দেখা গেছে, উৎসব মুখর পরিবেশে টিকা দিতে আসা আগ্রহী নারী পুরুষের ঢল।
কেন্দ্রগুলোতে শৃঙ্খলা রক্ষায় কোন নিরাপত্তা কর্মী ছিল না। ফলে, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে টিকা গ্রহন করেছেন গ্রামাঞ্চলের মানুষ। তাছাড়া চাহিদার তুলনায় টিকা কম থাকায় টিকা দিতে না পেরে ফিরে গেছেন বেশিরভাগ মানুষ।
এদিকে, সকাল থেকে গণটিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এবং সেনাবাহিনীসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর বলেন, জগন্নাথপুরে প্রথম ধাপে ২৭টি কেন্দ্রে ৫ হাজার ৪শ’ মানুষের মাঝে সিনোফার্মের ভ্যাকসিন (টিকা) প্রদান করা হয়েছে। পরবর্তী সরকারি নির্দেশন পেলে এই কার্যক্রম শুরু হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, উপজেলার প্রতিটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে প্রথমদিন টিকাদান শেষ হয়েছে।