বড়লেখা প্রতিনিধি | ০৯ আগস্ট, ২০২১
করোনা মহামারিতে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু ঠেকাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি বড় অক্সিজেন সিলিন্ডার ও ৫টি কনসেনট্রেটর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। সোমবার (৯ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে এগুলো হস্তান্তর করা হয়।
মন্ত্রীর পক্ষে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাসের কাছে ৬টি বড় অক্সিজেন সিলিন্ডার ও ৫টি কনসেনট্রেটর হস্তান্তর করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী, স্কয়ার গ্রæপের সিলেট বিভাগীয় আরএসএম মো. গোলাম সারওয়ার, স্কয়ার গ্রæপের বিয়ানীবাজার-বড়লেখার টিএম মো. আবু আনসার খান, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, বড়লেখা পৌরসভার কাউন্সিলর কবির আহমদ, জাহিদ আহমদ ও স্বপন আহমদসহ হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যুক্ত ৬টি বড় অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন সিলিন্ডার হয়েছে মোট ৫৭টি এবং ৫টি কনসেনট্রেটর নিয়ে অক্সিজেন কনসেনট্রেটর হলো মোট ১০টি।