Sylhet Today 24 PRINT

এক মিনিটেই দুই ডোজ টিকা

বাহুবল প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০২১

হবিগঞ্জের বাহুবলে এক মিনিটে করোনার দুই ডোজ টিকা পেয়েছেন রবি কালিন্দী (৫৪) নামের এক চা শ্রমিক।

সোমবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। হাসপাতালেই ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বিকেল সাড়ে ৫টার দিকে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

রবি কালিন্দী উপজেলার পুটিজুরী ইউনিয়নের অন্তর্গত বৃন্দাবন চা বাগানের বাসিন্দা। তিনি জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে যান তিনি। তার নামে করা রেজিস্ট্রেশন ফরমটি অনলাইনে যাচাই করার পর টিকাদানকর্মীদের সামনের চেয়ারে তাকে বসতে বলা হয়। প্রথমে তার বাম হাতে একটি টিকা দেয়া হয়। টিকা নেয়ার পরও ওই চা শ্রমিক চেয়ারটিতে বসেছিলেন। এ সময় ওই টিকাদানকর্মী বিপরীত দিকে ঘুরে টিকাভর্তি আরেকটি সিরিঞ্জ তার ডান হাতে পুশ করেন। লাইনে দাঁড়ানো অন্যরা বিষয়টি অবগত করলে সঙ্গে সঙ্গে চা শ্রমিককে পর্যবেক্ষণে নেয়া হয়।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল। এ সময় গলদঘর্ম টিকাদাতা স্বাস্থ্যকর্মী ও টিকাগ্রহীতার ভুল বোঝাবুঝি এবং অসাবধানতার কারণে এক মিনিটে দুই ডোজ টিকাদানের ঘটনা ঘটেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে টিকাগ্রহীতা ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর তার শারীরিক কোনো সমস্যা দেখা না দিলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর নেয়া হবে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.