Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বাল্য বিবাহ বন্ধের জেরে মা ভাইয়ের উপর হামলা

দিরাই প্রতিনিধি |  ১০ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের দিরাইয়ে লন্ডন প্রবাসী এক কিশোরীর বাল্য বিবাহ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। এই বিয়ে বন্ধের জের ও জায়গায় সংক্রান্ত বিরোধে লন্ডন প্রবাসী সুরত মিয়া তার মা ও ভাইদের উপর হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৯ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের হালেয়া-রাজনগর গ্রামে পারিবারিক বিরোধ মীমাংসার সালিশি বৈঠকে এ হামলার ঘটনাটি ঘটে।
হামলায় আহত ছুরুক মিয়া (৪০), শানুর মিয়া (৩৩), আকলিমা (৪৫), রানা বেগমকে (৪৫) দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসলে, তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হামলার ঘটনায় প্রবাসীর বোন রানা বেগম বাদী হয়ে মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় দিরাই থানায় যুক্তরাজ্য প্রবাসী সুরত মিয়া সহ ৮ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

রানা বেগম বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য প্রবাসী বড় ভাই সুরত মিয়া ও তার স্ত্রী ছমিরুন নেহার তাদের পারিবারিক জায়গা সম্পত্তি আত্মসাতের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এ নিয়ে দীর্ঘদিন যাবত তাদের মধ্যে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে সুরত মিয়া পরিবারসহ যুক্তরাজ্য থেকে দেশে আসেন। গত ৩০ জুলাই তার কিশোরী কন্যার বিয়ের আয়োজন করা হলে, গোপন সংবাদের ভিত্তিতে বেআইনিভাবে বাল্য বিবাহ দেওয়া বন্ধ করে দেন দিরাই উপজেলা প্রশাসন। এরই জের ধরে তাদের মাঝে আবার বিরোধ সৃষ্টি হলে গ্রামবাসী পারিবারিক বিরোধ মীমাংসার উদ্যোগ নেন।

গত রাতে বিরোধ মীমাংসার জন্য শালিস বৈঠকে বসলে এলাকাবাসীর উপস্থিতিতে সুরত মিয়া দলবল নিয়ে হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করেন বলে অভিযোগ করেন রানা বেগম।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.