Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের লাঘাটা ও পলক নদীতে বাঁশের খাঁটি, বাধাগ্রস্ত মাছের প্রজনন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১১ আগস্ট, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাঘাটা ও পলক নদীতে অবৈধভাবে বাঁশের খাঁটি (বেড়া) দিয়ে চলছে মাছ শিকার। ফলে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছের প্রজনন ও গতি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। একটি অসাধু শিকারি চক্রের কবলে মারা যাচ্ছে দেশীয় প্রজাতির ছোটবড় মাছসহ জলজ প্রাণী। এতে নদী ও জলাশয়ে প্রাকৃতিকভাবে মাছের উপস্থিতি হ্রাস পাচ্ছে। তবে অবৈধ

এদিকে এসব মাছ শিকারিদের কখনো আইনের আওতায় আনা হচ্ছে না। ফলে নদী দু’টির পতনঊষার এলাকায় একাধিক বাঁশের খাটি বসানো হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উজানের ভারতীয় সীমান্তে পাহাড়ি এলাকা থেকে লাঘাটা নদীর উৎপত্তি হয়ে হাওরের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে মনু নদীতে গিয়ে শেষ হয়েছে। এই নদীকে কেন্দ্র করে হাওর, বিল, জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও কৃষিতে সেচের বাড়তি মাত্রা যুক্ত করেছে। তবে একটি অসাধু শিকারি চক্র এসব নদীতে বাঁশের খাঁটি স্থাপন করেছে। লাঘাটা নদীর পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর ও গোপীনগর এলাকায় দু’টি বাঁশের খাঁটি এবং পলক নদীতেও কয়েকটি বাঁশের খাঁটি বসানো হয়েছে। ফলে মাছের প্রজনন ও পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। খাঁচায় আটকে মাছ, ব্যঙ, সাপ, কুচিয়াসহ নানা প্রজাতির জলজ প্রাণী মারা যাচ্ছে।

ধূপাটিলা গ্রামের কৃষক তাজু মিয়া, শেরওয়ান আলী, ফারুক মিয়া, কদর আলী, পতনঊষারের তোয়াবুর রহমান, মনু মিয়া, মসুদ মিয়া বলেন, কয়েক বছর আগেও লাঘাটা নদী, কেওলার হাওরে প্রচুর দেশীয় মাছের উপস্থিতি দেখা গেলেও এখন মাছ নেই বললেই চলে। প্রশাসনের নাকের ডগায় তারা নদী সেচ, বাঁশের খাটি স্থাপন করে মাছ শিকার করলেও এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

তারা আরও বলেন, যদি স্বার্থান্বেষী মহলের অবৈধ পন্থায় মাছ শিকার বন্ধ করা যেত তাহলে চলতি মৌসুমে মনু নদীর মাছে লাঘাটা নদী ভরপুর হয়ে উঠতো। এভাবে স্থানে স্থানে বাঁশের দেয়ার কারণে মাছ উজানে উঠতে পারছে না।

পরিবেশ কর্মী নুরুল মোহাইমীন বলেন, প্রতিবছর এই নদীগুলোর উপর নানা অত্যাচারে মাছসহ জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। ফলে নদী ভরাট, সংকোচন হয়ে পড়ছে। অথচ এসব অপরাধীদের বিরুদ্ধে কখনও কোন আইনী পদক্ষেপ নেয়া হয়নি।

কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, লাঘাটা ও পলক নদীতে অবৈধ বাঁশের খাঁটি দেয়ার কোন অভিযোগ আসেনি। তবে সরেজমিনে তদন্তপূর্বক নদী থেকে বাঁশের খাঁটি অপসারণ করা হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.