Sylhet Today 24 PRINT

চৌহাট্টায় রিকশায় পুলিশের সাঁজোয়া যানের ধাক্কা, যুবক আহত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ নভেম্বর, ২০১৫

জামায়াত ইসলামের ডাকা হরতালে সিলেট নগরীতে পুলিশের সাঁজোয়া যানের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে সাজ্জাদ নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা সাজ্জাদকে সিলেট এএমজি ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন। আহত সাজ্জাদ আহমদ (৩৫) সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার আজিজুর রহমানের ছেলে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে আজ হরতাল ডেকেছে দলটি।

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কুয়ারপাড় থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চৌহাট্টায় আসছিলেন সাজ্জাদ আহমদ। এ সময় হরতালে নিরাপত্তা নিশ্চিতে টহলরত পুলিশের একটি সাঁজোয়া যান সাজ্জাদকে বহনকারী রিকশায় ধাক্কা মারে। তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহত সাজ্জাদকে দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে যান পুলিশ সদস্যরা। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

দুর্ঘটনার বিষয়টি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.