Sylhet Today 24 PRINT

সাতছড়িতে এবার বিজিবির অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার

চুনারুঘাট ও মাধবপুর প্রতিনিধি: |  ১৩ আগস্ট, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি গভীর জঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।

টানা সাতদিন ধরে অভিযান চালিয়ে বিজিবি সেখান থেকে ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে।

শুক্রবার (১৩ আগস্ট) রাত সোয়া ৮টায় এই তথ্য জানিয়েছেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী।

তিনি বলেন, হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে তিন মাস ধরে বিজিবি’র অনুসন্ধান চলছিল। গত ১ আগস্ট থেকে অভিযান শুরু হয়। এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় সাতছড়ি ব্রিজের পাশে দুইটি পাহাড়ের কাছে একটি বাঙ্কার থেকে ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

লেফট্যানেন্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী আরও বলেন, ধারণা করা হচ্ছে অস্ত্রগুলো অন্তত তিন থেকে পাঁচ বছর আগের। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে অস্ত্রগুলো কী ধরণের ক্ষমতাসম্পন্ন এবং এগুলোর উৎস সম্পর্কে জানা যায়নি। এ নিয়ে বিজিবি’র কাজ চলছে।

এ নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে ৮ম বারের মতো অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হলো।

এর আগে, এ বছরের ২ মার্চ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে উদ্যান থেকে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চার উদ্ধার করে।

২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটা গান, ছয়টি এসএলআর, একটি অটো রাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এরপর, ওই বছরের ১৬ অক্টোবর চতুর্থ দফার উদ্যানের ভেতরে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট ও উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, ত্রি নট ত্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট নয় হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

৫ম দফায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে ১০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার হয়।

সর্বশেষ ৬ষ্ঠ দফায় ২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.