Sylhet Today 24 PRINT

হরতাল বিরোধী মিছিলেও স্বেচ্ছাসেবক লীগের মারামারি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৫

হরতাল বিরোধী মিছিলেও নিজেদের মধ্যে মারামারি করলো স্বেচ্ছাসেবক লীগ। সোমবার দুপুরে যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বের করা মিছিলে এ মামরামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা হাতাহাতিতে লিপ্ত হন। মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে এ ঘটনা ঘটে বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কোর্ট পয়েন্ট থেকে বিশাল মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে আসার পর স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা তাদের মিছিলের ব্যানারে দাঁড়ানো নিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মিছিলে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ নেতারা তাদেরকে ভৎসনা করেন। পরে মিছিলটি শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.