Sylhet Today 24 PRINT

বিপদসীমা ছাড়িয়েছে সুরমা

নিজস্ব প্রতিবেদক |  ১৫ আগস্ট, ২০২১

টানা বৃষ্টিতে বাড়ছে সিলেটের নদনদীর পানি। বৃষ্টির সাথে যুক্ত হওয়া ঢলের কারণে সিলেটের প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি গত তিন দিন ধরে অব্যাহতভাবে বেড়ে চলছে। ইতোমধ্যে কানাইঘাটে বিপদসীমা ছাড়িয়েছে সুরমা নদীর পানি।

পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি অব্যাহত থাকলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়তে পারে।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয় থেকে রোববার (১৫ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত পাওয়া রিপোর্টে, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার .২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সিলেটেও সুরমার পানি বিপদসীমা ছুঁইছুঁই করছে।

কুশিয়ারা নদীর পানি সবচেয়ে বেশি বেড়েছে ফেঞ্জুগঞ্জে। এখনও বিপদসীমা অতিক্রম না করলেও এই অঞ্চলে দ্রুত বাড়ছে নদীর পানি। বাড়ছে লোভা, সারি ও ধলাই নদীর পানিও।

এদিকে, ঢলের কারণে সিলেটের গোয়ানঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার কিছু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। তবে সকাল থেকে ঢল ও বৃষ্টি কমায় কমতে শুরু করছে এসব এলাকার পানি।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুজ্জামান সরকার বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও কিছুদিন বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়া উজানে ভারতের পাহাড়ি এলাকায়ও বৃষ্টি হচ্ছে। এতে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যেতে পারে। তবে এই বন্যায় খুব স্থায়ী হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.