Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৭

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সকলেই অলিপুরের প্রাণ-আরএফএল কোম্পানির শ্রমিক বলে জানা গেছে।

সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নছরতপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। তখনই আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। সেখানে চিকিৎসাধীন আহত আরেকজন মারা যান কিছুক্ষণ পরেই।

নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার শ্রীবাউত গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন (৩০), একই গ্রামের সফর আলীর ছেলে স্বপন মিয়া (২৮), আবুল হোসেনের ছেলে আব্দুল আহাদ (৩৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বরমপুর গ্রামের আনফর আলীর ছেলে আলা উদ্দিন (৩৫), চুনারুঘাট উপজেলার পাণ্ডাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৬) ও হনুফা বেগম (২৭) নামে এক নারী। আরও একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি মইনুল হোসেন জানান, অটোরিকশাটি মহাসড়কে কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গেলে পেছন থেকে ধাক্কা লাগে। এ সময় দুই নারীসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.