Sylhet Today 24 PRINT

সুরমার পানি কমছে, বেড়েছে কুশিয়ারার

নিজস্ব প্রতিবেদক |  ১৬ আগস্ট, ২০২১

ফাইল ছবি

টানা কয়েকদিন বৃদ্ধির পর সিলেটে কমতে শুরু করেছে সুরমা নদীর পানি। সোমবার সবগুলো পয়েন্টেই সুরমার পানি কমেছে। তবে কয়েকটি এলাকায় কুশিয়ারার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

রোববার থেকে সিলেটে বৃষ্টিও কমেছে। এ অবস্থা অব্যাহত থাকলে নদীর পানি আরও কমবে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।

রোববার সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। তবে সোমবার তা নেমে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের সোমবার সকালের হিসেব অনুযায়ী, কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার .২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রোববার এই পয়েন্টে পানি বিপদসীমার .২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। সুরমা নদীর পানি সিলেট পয়েন্টেও রোববারের চাইতে সোমবার সকাল পর্যন্ত প্রায় .২৫ সেন্টিমিটার কমেছে।

তবে পানি বাড়ছে কুশিয়ারা নদীর। রোববারের চাইতে সোমবার শেরপুরে .৮ সেন্টিমটার, ফেঞ্চুগঞ্জে .৬ সেন্টিমটার পানি বেড়েছে। তবে দুই জায়গায়ই পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। তবে অমলসীদ ও শেওলা পয়েন্টে কুশিয়ারার পানি রোববারের চাইতে সোমবার কিছুটা কমেছে।

সোমবাার পানি কমেছে লোভা, সারি এবং ধলাই নদীরও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.