জুড়ী প্রতিনিধি | ১৬ আগস্ট, ২০২১
মৌলভীবাজারের জুড়ীতে সামাজিক বনায়নে উপকারভোগী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এক বিট কর্মকর্তার বিরুদ্ধে। এসব অনিয়মের বিচার চেয়ে এলাকার মানুষ সংশ্লিষ্ট বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন আহমদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার পুটিছড়া বিটের অধীনে থাকা সরকারের প্রায় ২৫ হেক্টর জমিতে ৬৫ জন উপকারভোগী নিয়োগ দেন স্থানীয় বিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল । যাদের নিয়োগ দিয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫-২০ হাজার করে টাকা নেন তিনি। এছাড়াও একই পরিবার থেকে ১ জন উপকারভোগী থাকার নিয়ম থাকলে কোন কোন পরিবার থেকে ৩ থেকে ৪ জন উপকারভোগী নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে কাছিম আলীর পরিবার থেকে ৩ জন, আব্দুস সালাম সোহাগের পরিবার থেকে ৪ জন,সাদিম আলীর পরিবার থেকে ৩ জনসহ এরকম অনেক পরিবার রয়েছে বলে অভিযোগে বলা হয়।
পুটিছড়া বন বিটের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, ইউপি সদস্য নূর উদ্দিনসহ কয়েকজন মানুষ অভিযোগে উল্লেখ করেন, ২০০১-০২ সালে রোপণকৃত আগর গাছ এবং ২০০৭-০৮ সালে রোপণকৃত আকাশমণি গাছ রাতের আধারে বিট কর্মকর্তার যোগ সাজসে বিক্রি করা হয়।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, এক পরিবার থেকে ৩ থেকে ৪ জন লোক নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়ম বহির্ভূত। তাছাড়া যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে পুটিছড়া বন বিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া।
জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো আলাউদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকায় দুইটি পক্ষ থাকার কারণে তারা এ অভিযোগ করছে।