Sylhet Today 24 PRINT

প্রথম আলো বন্ধুসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০২১

সম্প্রতি সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী ও ভার্থখলা এলাকায় পাওয়া গিয়েছিল ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা। ওই সব এলাকায় সিলেট প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে দ্বিতীয় ধাপে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। এর আগে গত ১৫ আগস্ট থেকে এ কর্মসূচি শুরু করেছিল সিলেট প্রথম আলো বন্ধু সভার বন্ধুরা।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নগরের দক্ষিণ সুরমার ভার্থখলা, কদমতলী, রেলস্টেশন এলাকায় পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান চালানো হয়েছে। এতে সহায়তা করেছে সিলেট সিটি করপোরেশন। মশক নিধন অভিযানে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার বন্ধুদের পাঁচটি ফগার মেশিন দিয়ে সহযোগিতা করেছে।

বন্ধুসভার সদস্যরা জানান, নগরে মশার উৎপাত বৃদ্ধির পাশাপাশি এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ডেঙ্গুর সংক্রমণের আশঙ্কা রয়েছে। করোনা সংক্রমণের পাশাপাশি ডেঙ্গু চোখ রাঙাচ্ছে। ডেঙ্গু বংশবিস্তার এবং এডিস মশার আবাস ধ্বংস করতে প্রথম আলো সিলেট বন্ধুসভার বন্ধুরা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযানের পরিকল্পনা নেওয়া হয়।

গত রোববার এ কার্যক্রমের প্রথম ধাপে নগরের তিনটি এলাকায় অভিযান চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় ধাপে এডিস মশার আবাস স্থল যেখানে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গিয়েছিল সে সব এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে সিলেট রেলওয়ে স্টেশন এলাকার পুরনো কোচ, শৌচাগার সংলগ্ন স্থান, ছড়া, ডোবায় ফেলে রাখা বিভিন্ন আসবাব থেকে জমে থাকা পানি ফেলে দেওয়া হয়েছে। পাত্রগুলোতে যাতে পানি জমে না থাকে সে জন্য উল্টিয়ে রাখা হয়েছে। পরিচ্ছন্ন অভিযান ও ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের পাশাপাশি জনসাধারণকে ডেঙ্গু ও এডিস মশা সম্পর্কে সতর্ক থাকার প্রচারণা চালানো হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট প্রথম আলো বন্ধুসভার সভাপতি তামান্না ইসলাম, সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র দাস, অর্থ সম্পাদক অনিক চন্দ্র পাল, উপসাংগঠনিক মিহরাব আহমেদ চৌধুরী, যোগাযোগ সম্পাদক শিব্বির আহমেদ ও সুমীর বৈষ্ণব, সালমান হাসান, শাম্মী আক্তার, রেজভি সিদ্দিকা, তমা সূত্রধর, আশরাফুল আলম প্রমুখ।

সংগঠনের সভাপতি তামান্না ইসলাম বলেন, আমরা মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি সতর্কতা এবং সচেতনতা মূলক প্রচারণা করছি। দক্ষিণ সুরমা এলাকায় গতকাল মঙ্গলবারের অভিযানে বাস ও রেলস্টেশন এলাকায় যাত্রী এবং বাসিন্দাদের ডেঙ্গু এবং এডিস মশা যাতে বংশ বিস্তার না করতে পারে সেদিকে সতর্কতার জন্য বাড়ির আশপাশ এবং বিভিন্ন জায়গায় যাতে পানি না জমতে পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়েছে। আমরা আরও কয়েকটি ধাপে এ অভিযান অব্যাহত রাখব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.