নিজস্ব প্রতিবেদক | ১৮ আগস্ট, ২০২১
কোম্পানীগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত গভীর রাতে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম আসাদুজ্জামান আসাদ (২০)। আসাদ উপজেলার রাজনগর নতুন বস্তি এলাকার কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ধলাই নদীর ঢালার মুখ নামক স্থান থেকে ইজারা বহির্ভুত বালু উত্তোলন চলছে। গত ১৬ আগস্ট এই জায়গা থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাজনগর নতুন বস্তির রপফিক বেপারি পক্ষ ও ঢালার পাড় শাহীন, মানিক, নূর আলম পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ব্যাপারী পক্ষের আসাদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম সংঘর্ষে আহত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।