Sylhet Today 24 PRINT

ধর্ষণ ও হত্যার অভিযোগে বিশ্বনাথে দুই বৃদ্ধ গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি |  ২২ আগস্ট, ২০২১

সিলেটের বিশ্বনাথে মখলিছুন বেগম (৩২) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁওয়ের আব্দুস সালাম দিলদারের মেয়ে। শনিবার (২১ আগস্ট) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (২২ আগস্ট) সকালে বিশ্বনাথ থানা পুলিশ লাশের ছুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। মেয়েকে ধর্ষণের পর গর্ভপাত করিয়ে হত্যার অভিযোগ এনে নিহতের বাবা দলিদার শনিবার রাতেই থানায় মামলা দায়ের করেছেন, (মামলা নং ১৩)।

তার অভিযোগের প্রেক্ষিতে মির্জারগাঁওয়ের বাসিন্দা মখলিছুনের গৃহকর্তা লামাকাজি বাজারের নৈশ প্রহরী কমলা মিয়া (৬৫) তার বিয়াই সত্তিশ গ্রামের রইছ আলীকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে আটকের পর রোববার ওই মামলায় দু’জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কমলা মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করছিলেন দুই সন্তানের জননী নিহত মখলিছুন। সপ্তাহখানেক আগে কমলা মিয়া তার বিয়াই রইছ আলীর সঙ্গে অবৈধভাবে বিয়ে দেন ওই গৃহকর্মী মখলিছুনকে। বিয়ের ৩/৪দিন পর জানতে পারেন নববধূ অন্ত:সত্তা। এরপর দুই বিয়াই মিলে তাকে গর্ভপাত করিয়ে গত বুধবার বাবার বাড়ি রেখে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণ হলে শুক্রবার তার অবস্থার অবনতি হয়। পরে পুলিশের সহযোগিতায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন বাবা দিলদার। কিন্তু শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নারীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাটি সম্পর্কে আরও তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.