Sylhet Today 24 PRINT

টিলাগড়ে ফের মুখোমুখি ছাত্রলীগ, দোকান ভাংচুর

নিজস্ব প্রতিবেদক |  ২৪ নভেম্বর, ২০১৫

সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে। এ সময় টিলাগড় পয়েন্টের রাজমহল সুইটমিট সহ ৩টি দোকান ভাংচুর করা হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রুপ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পদক কামরুল ইসলাম গ্রুপের কর্মীদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, সকালে সিলেট সরকারি কলেজে থেকে নিপু গ্রুপের কর্মী মিহাদকে ধাওয়া করেন কামরুল গ্রুপের নজমুল, আনসার, টিটু। ধাওয়া খেয়ে মিহাদ রাজপাড়া এলাকার রাস্তা দিয়ে পালানো কালে নজমুল, আনসার, টিটু তাকে ধরে ফেলে। এ সময় তারা মিহাদকে মারধর করেন।

দুপুর ২টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মীরা টিলাগড় বাজারে কামরুল ইসলাম গ্রুপের কর্মীদের খুঁজতে থাকেন। এ সময় কামরুল ইসলাম গ্রুপের কর্মী সঞ্জয় চৌধুরীকে তারা ধাওয়া করে। ধাওয়া খেয়ে সঞ্জয় পালিয়ে যান।

পরে নিপু গ্রুপের কর্মীরা টিলাগড় বাজারের রাজমহল সুইটমিট সহ ৩ টি দোকান ভাংচুর করে।

এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।

কামরুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.