Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে স্বামীকে দা দিয়ে কোপালেন স্ত্রী

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৩ আগস্ট, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে প্যারালাইসিস রোগে আক্রান্ত স্বামীকে দা দিয়ে কুপিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী। ঘটনার পর পুলিশ অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রুবিনা বেগমকে গ্রেপ্তার করে।

রোববার (২২ আগস্ট) দুপুর একটার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের জালালনগর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা ইউনিয়নের জালালনগর মাঝপাড়া গ্রামের সুলতান মিয়া ওরফে ময়না মিয়ার ছেলে প্যারালাইসিস রোগে আক্রান্ত হাবিবুর রহমান
তোফায়েল নামের এক ব্যক্তির সাথে তার স্ত্রী রুবিনা বেগম (৩৮) এর জায়গা জমি নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী রুবিনা বেগম উত্তেজিত হয়ে
হাবিবুর রহমানকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহতের ছোট ভাই মাওলানা অলিউর রহমান (৪০) বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ২৩। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রুবিনা বেগমকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে রুবিনা বেগমকে গ্রেপ্তার করেছে। আসামিকে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.