Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ২৮৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৪ আগস্ট, ২০২১

সিলেটের বিশ্বনাথে সোহেল মিয়া (৪২) ও আনহার আলী (২৮) নামে দুইজনকে বিভিন্ন ব্রান্ডের ২৮৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সোহেল মিয়া উপজেলার সত্তিশ গ্রামের মৃত ফিরোজ বক্সের ছেলে। আর তার সহযোগী আনহার আলী অটোরিকশা চালক। সে উপজেলার দুর্য্যাকাপন গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে বিশ্বনাথ সীমান্তের সুরমা নদীর পাড় সংলগ্ন আতাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় আতাপুর গ্রামের রফিকুল ইসলামের বালুর ভিট থেকে ওই মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে ভারতীয় অফিসার চয়েজ ২১৮ বোতল, এসি-ব্ল্যাক ৪৫ বোতল এবং ম্যাকডুয়েল ২২ বোতল রয়েছে। যার বাজার মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা। এসময় মাদক বহনকারী একটি ট্রলার (নৌকা) ও একটি সিএনজি চালিত অটোরিকশা (সিলেট-থ ১২-৯২৩০) জব্দ করে থানা পুলিশ। তবে, মাদকসহ দু’জনকে গ্রেপ্তার করা হলেও তাদের সহযোগী আরও তিনজন পালিয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক পাচারকারী চক্রের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.