জুড়ী প্রতিনিধি | ২৪ আগস্ট, ২০২১
মৌলভীবাজারের জুড়ীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু সাফারি পার্কের জায়গা পরিদর্শনে এসেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে জুড়ী উপজেলার লাঠিটিলা এলাকায় বাপার সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামালের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল এ স্থান পরিদর্শন করেন। এসময় তারা স্থানীয়দের সাথে কথা বলেন।
অ্যাডভোকেট সুলতানা কামাল এ সময় সাংবাদিকের বলেন, এখানে যারা বসবাস করছেন, এই সম্পদে তাদের অধিকার বেশি। এখানের জনগণ অনেক দিন ধরে বসবাস করে তাদের সম্পদ রক্ষা করছে, দেশের সম্পদ রক্ষা করছে, সেটার বিরুদ্ধে প্রতিক্রিয়ায় কর্তৃপক্ষ কিংবা নীতি নির্ধারক যে আচরণ করছে আমরা সেসকল কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি।
প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র সাধারণ সম্পাদক শরিফ জামিল, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জহিরুল হক শাকিল, মৌলভীবাজার জেলার কো অর্ডিনেটর আ.স.ম সালেহ সোহেল, সিলেট জেলার অন্যতম সমন্বয়ক ডা. কামাল আহমেদ, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রমুখ।