সিলেটটুডে ডেস্ক | ২৫ আগস্ট, ২০২১
সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে ব্যাংক কর্মকর্তা ধ্রুবজ্যোতি চৌধুরী একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল চুরি হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় এই চুরির ঘটনা ঘটে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে ধ্রুবজ্যোতি চৌধুরী এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা (নম্বর-৬১) দায়ের করেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে প্রাইম ব্যাংক সিলেট আঞ্চলিক কার্যালয়ের এফএভিপি ধ্রুবজ্যোতি চৌধুরী মির্জাজাঙ্গাল এলাকায় নির্ভানা ইন হোটেলের বিপরীত দিকে স্বপ্নীল-৫৯ নম্বর বাসায় বেড়াতে আসেন। এ সময় তিনি বাসার সামনে তার নীল রঙের সুজুকি জিক্সার (সিলেট-ল- ১১-৯৯৫৫, ইঞ্জিন নং-BGA1 ২৬৪০৫১, চেসিস নং: MBBNG4BAAG9101748) মোটরসাইকেলটি রেখে ভেতরে যান। ফিরে এসে দেখেন মোটর সাইকেলটি যথাস্থানে নেই। অনেক খোঁজাখুঁজির পরও মোটর সাইকেলটি পাওয়া যায়নি।
বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিক লামাবাজার পুলিশ ফাঁড়ির টুআইসি এসআই রাশেদ এসে বিভিন্ন জায়গায় খুঁজেন ও বিভিন্ন পয়েন্টের সিসি ফুটেজ সংগ্রহ করেন।
এ ব্যাপারে কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) শামসুদ্দিন সালেহ আহমদ চৌধুরী বলেন, ‘আমরা চুরির ঘটনার খবর ওই এলাকার বিভিন্ন জায়গা থেকে সিসি ফুটেজ সংগ্রহ করেছি। মোটরসাইকেল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে।’