Sylhet Today 24 PRINT

সিলেটে গ্যাস পাইপলাইনের উপর স্থাপনা উচ্ছেদে ফের অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ২৬ আগস্ট, ২০২১

সিলেটের নগরের বালুচর এলাকার পার্শ্ববর্তী খাদিম ইউনিয়নের নয়া বাজারে উচ্চ চাপসম্পন্ন গ্যাস সঞ্চালন লাইনের উপর অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে ফের অভিযান শুরু করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল থেকে এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জালালাবাদ গ্যাসের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি তিনতলা ভবন ভাঙার মধ্য দিয়ে স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে প্রতিষ্ঠাটি।

এদিন দুপুরে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপকের (বিপণন-উত্তর) অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যাস সঞ্চালন লাইনের উপরের ভূমিতে কোনো ধরনের স্থাপনা তৈরি করা নিষিদ্ধ। কিন্তু আইনের তোয়াক্কা না করে এই এলাকায় ভূগর্ভস্থ গ্যাস সঞ্চালন লাইনের উপর দিয়েও অনেক স্থাপনা গড়ে তোলা হয়েছে। সে সকল ঝুঁকিপূর্ণ ও বেআইনি স্থাপনার তালিকা আমরা করেছি। তাদেরকে বারবার মৌখিকভাবে বলা সত্ত্বেও অবৈধ স্থাপনা অপসারণ করেননি। তাই আজ সকাল থেকে নয়াবাজার এলাকায় অভিযান শুরু হয়েছে। এখন থেকে ক্রমান্বয়ে সিলেটে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শুরুর আগে জালালাবাদ গ্যাসের লোকজন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন বলেও জানান এ প্রকৌশলী।

প্রসঙ্গত, চলতি বছরের ১৭ মার্চ শাহপরান থানাধীন ইসলামপুরে মোহাম্মদপুর নূরপুর আবাসিক এলাকায় স্থাপনা উচ্ছেদের মধ্যদিয়ে শুরু করা হয় জালালাবাদ গ্যাসের এই অভিযান।  সে সময় সিলেটের জালালাবাদ গ্যাসের অধিককৃত ভূমিতে গ্যাস লাইনের উপর অবৈধ ও ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর, বাড়ি, দোকানপাট ও বাড়িঘর উচ্ছেদ অভিযান চালায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.