দিরাই প্রতিনিধি | ২৬ আগস্ট, ২০২১
দিরাই পৌরসভার মজলিশপুর আবাসিক এলাকার জামে মসজিদ ও সাদিক মাস্টারের বাসা সংলগ্ন দুইটি বিদ্যুতের খুঁটি হেলান দিয়ে দীর্ঘদিন ধরে পড়ে আছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটার আশংকা রয়েছে। এ ব্যাপারে বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর।
ওই এলাকার বাসিন্দা সাবেক শিক্ষক আব্দুস সাদিক ও প্রবীণ মুরব্বি ময়না মিয়া ক্ষোভের সাথে বলেন, আমাদের এলাকায় শুরুতেই নিম্নমানের বিদ্যুতের খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সামান্য বাতাসেই বিদ্যুতের খুঁটি হেলে দুলে। আমাদের বাসার এবং মসজিদ সংলগ্ন দুইটি বিদ্যুতের খুঁটি দীর্ঘদিন ধরে বাঁকা হয়ে হেলান দিয়ে পড়ে আছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে মৌখিক এবং লিখিত আবেদন করেও কোনো সহযোগিতা পাইনি। যদি অনাকাঙ্কিত কোনো দুর্ঘটনা ঘটে এর দায়ভার বিদ্যুৎ বিভাগকে নিতে হবে।
দিরাই আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল মালেক বলেন, পৌরসভার বিভিন্ন এলাকার ত্রুটিপূর্ণ লাইন গুলোর কাজ প্রজেক্টের মাধ্যমে করানো হচ্ছে। শিগ্রই মজলিসপুর এলাকায় কাজ শুরু হবে।