Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বানিয়াচং প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০২১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের পুকড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ইউনুছ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ৫ জন। নিহত ইউনুছ মিয়ার ওই গ্রামের মাজেদ আলীর পুত্র।

শনিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের পুকড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে পুকড়া গ্রামে একটি সমবায় সমিতির হিসাব-নিকাশ নিয়ে বৈঠক চলছিল। বৈঠকের মাজেদ আলী ও মন্নার মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তাদের পক্ষ নিয়ে দু’দলের লোকজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। এদের মধ্যে ইউনুছ মিয়ার বুকে অপর পক্ষের লোকজন টেটা দিয়ে আঘাত করে। পরে আশেপাশের মানুষ এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম জানা যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে’ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.