Sylhet Today 24 PRINT

সিলেটে ইসকন মন্দিরে জন্মাষ্টমী পালন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০২১

শ্রীকৃষ্ণের ৫২৪৭তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট যুগলটিলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি পালন করে।

সোমবার (৩০ আগস্ট) দিনব্যাপী এসব নানা আয়োজনে ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়। এতে ইসকন নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।

জন্মাষ্টমীর অনুষ্ঠানসূচীর মধ্যে সোমবার মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস, মহাসংকীর্ত্তন দাস ব্রহ্মচারী পরিচালনায় সকাল ৬টায় কীর্তন মেলা, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ও শ্রীপাদ ভাগবত করুনা দাস ব্রহ্মচারীর পরিবেশনায় বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় কৃষ্ণলীলামৃত। একই দিন বিকাল ৫টায় শ্রীল প্রভুপাদ কথামৃত (জুমের মাধ্যমে), সন্ধ্যা ৬টায় কীর্তন মেলা, সন্ধ্যা ৭টায় শ্রীকৃষ্ণের মহা-অভিষেক ও রাতে অনুকল্প মহাপ্রসাদ বিতরণ করা হয়।

মঙ্গলবারের ব্যাসপুজায় থাকছে নন্দোৎসব ও শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি বিষয়ে নানা আয়োজন। ইসকন মন্দিরে এসব আয়োজনের মধ্যে রয়েছে সকাল সাড়ে ৭ টায় শ্রীল প্রভুপাদ গুরুপুজা, সকাল ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ, সকাল ৯ টায় শ্রীমদ্ভগবদগীতা পারায়ণ ও শ্রীল প্রভুপাদের জীবনী-গ্রন্থ পাঠ, সকাল ১০টায় শ্রীল প্রভুপাদের মহা-অভিষেক অনুষ্ঠান, সাড়ে ১২টায় আরতি নিবেদন ও শ্রীল প্রভুপাদের চরণকমলে ১০২৫ লাল গোলাপ নিবেদন, দেড়টায় শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে ১২৫ পাউন্ড ওজনের কেক নিবেদনসহ নানা অনুষ্ঠান। এতে ভক্তদের স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য ইসকন মন্দিরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.