Sylhet Today 24 PRINT

কিবরিয়া হত্যা মামলা: আসামীরা ‘অসুস্থ’ তাই ফের পেছাল সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০১৫

অসুস্থতা সহ নানা কারণে কারাগারে থাকা সব আসামী উপস্থিত না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহন  সম্ভব হয়নি। আগামীকাল আবার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, মামলায় গ্রেপ্তার ১৪ আসামীর মধ্যে হবিগঞ্জের বরখাস্ত মেয়র জিকে গৌছসহ ৫ আসামীকে আদালতে হাজির করা হয়। অন্যান্য মামলায় হাজিরা ও অসুস্থতার কারণে বাকীদের হাজির করা হয়নি। কিন্তু তাদের আইনজীবীরাও উপস্থিত না হওয়ায় সাক্ষ্য  গ্রহণ করেননি আদালত।

এর আগে ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান, ২১ অক্টোবর তিন জন ও ৫ নভেম্বর দুই জনের সাক্ষ্য গ্রহণ  করা হয়। আলোচিত এ মামলায় ১৭১ জনের সাক্ষ্য গ্রহণ  করা হবে।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।

গ্রেণেড হামলার রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। তিন দফা তদন্তের পর এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর আরিফুল, গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে মোট ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি বিচারের জন্য গত ১১ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।

গত ১৩ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩২ আসামির বিরুদ্ধে ওই মামলার অভিযোগ গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.