গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৩ সেপ্টেম্বর, ২০২১
সিলেটের গোলাপগঞ্জে প্রেম সংক্রান্ত জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনায় ছলমান আলী (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৬জনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামে এলাকার মরহুম তফই আলীর ছেলে আসাদ আলীর (২৩) সাথে একই এলাকার এক তরুণীর(১৮) প্রেম ছিলো। এ নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার জন্য বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ বসলে এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত ছলমান আলী (৭১) কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫জন লোক আহত হয়েছেন বলে জানা যায়।
গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় উভয় পক্ষের ৬জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আর যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আটককৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।