Sylhet Today 24 PRINT

ইভিএম পদ্ধতিতে অনেকে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন না: শফি আহমেদ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০২১

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারছেন না বলে অভিযোগ করেছেন সিলেট-৩ আসনের সাবেক সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগ করে বলেন, ভোটের আগে ইভিএম নিয়ে ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের আরও প্রশিক্ষণের প্রয়োজন ছিল।

বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় এ নেতা বলেন, মানুষ ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত নয় এবং তিনি নিজেও জানতেন না ইভিএমের মাধ্যমে কিভাবে ভোট দিতে হয়। এছাড়া নির্বাচনের দায়িত্বে থাকা অনেক পোলিং কর্মকর্তাদেরও ইভিএম সম্পর্কে তেমন ধারণা নেই।

এদিকে নারী ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দিতে এসে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মন্তব্য করে শফি আহমেদ চৌধুরী বলেন, নারী ভোটাররা কেন্দ্রে গিয়ে ব্যালট খুঁজছেন। ইভিএম পদ্ধতি সম্পর্কে তারা কিছুই জানে না। তাই অনেকে সুষ্ঠুভাবে ভোটও দিতে পারছেন না।

তবে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন শফি জানান, নির্বাচনে যারাই প্রতিদ্বন্দ্বিতা করেন তারা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী থাকেন। তিনিও একইভাবে আশাবাদী।

আওয়ামী লীগের মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূন্য এই আসনের এই উপনির্বাচনে সাবেক সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আতিকুর রহমান আতিক এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) সিলেট-৩ আসনের উপনির্বাচনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) ১৪৯টি কেন্দ্রে শনিবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.