Sylhet Today 24 PRINT

খাসিয়াদের উপর হামলা ঘটনায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজারে খাসিয়া ও গারো আদিবাসীদের উপর হামলা ও সামাজিক বনায়নের নামে প্রাকৃতিক বন ধ্বংসের ষড়যন্ত্র রোখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে চা-বাগানে অনুষ্ঠিত হলো প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও প্রতীক থিয়েটার।

‘হামরা ভূমিহীন কোনমতে কাটে যায় দিন’ ‘চা শ্রমিক বন্ধু তোমায় মনে লইয়া’ এ জাতীয় জাগরণী গানের ফাঁকে ফাঁকে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ভাষা সৈনিক আব্দুল মতিন জাদুঘরের প্রতিষ্ঠাতা ডা. শাহজামান চৌধুরী বাহারের সভাপতিত্বে ও প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাপা জাতীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, পরিবেশকর্মী ডা. আলী আহসান চৌধুরী পিন্টু, নাগরিক সংগঠক রুবেল মিয়া, প্রতীক থিয়েটারের সহ-সভাপতি আমল মাল, সাধারণ সম্পাদক প্রদীপ বুনারজি, সাংস্কৃতিক সম্পাদক রুপম মাল, দেউন্দি বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি প্রবির বুনার্জি, ইউপি সদস্য কার্তিক বাকতি প্রমুখ।

বক্তারা বলেন, সিলেট অঞ্চলে যুগযুগ ধরে বসবাসরত খাসি ও গারো আদিবাসী জনগোষ্ঠী প্রথাগতভাবে পান চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছে। এ অঞ্চলের বিস্তীর্ণ বনাঞ্চল লক্ষ্য করলে দেখা যায়, যে সমস্ত এলাকা আদিবাসীদের পান চাষের আওতায় রয়েছে, সেই সমস্ত এলাকায় এখনো প্রাকৃতিক বন বিদ্যমান। কিন্তু দীর্ঘদিন যাবত বেশ কয়েকটি আদিবাসী গ্রাম থেকে খাসিদের উচ্ছেদের উদ্দেশ্যে প্রাকৃতিক বনে গাছ কাটা, হামলা, মিথ্যা মামলা, রাতের আঁধারে পান গাছ কেটে ফেলাসহ তাদের আসা যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে একটি গোষ্ঠী। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ডলুছড়া পুঞ্জিতে সামাজিক বনায়নের নামে খাসি উচ্ছেদের ষড়যন্ত্র শুরু হয়।
বক্তারা বলেন, বনবিভাগের সাথে চলমান একই বিরোধের জেরে কর্মধা ইউনিয়নের বেলূয়াপুঞ্জিতে পাঁচটি খাসি–গারো পরিবারের দুই হাজার আট শতাধিক পানগাছ কাটা হয়। বেলূয়াপুঞ্জির ঘটনার সুরাহা না হতেই, আবারও ২৭শে আগস্ট ২০২১ ডলুছড়া পুঞ্জিতে ভোর পাঁচটায় পিটুস খাসিয়া, লরেন্স খাসিয়া ও ফেরকত খাসিয়ার তিনটি জুমের প্রায় পাঁচশতাধিক পান গাছ কেটে ফেলেছে স্থানীয় ভূমিখোর ও দখলবাজ দুষ্কৃতকারীরা এবং একই দিনে পুঞ্জির বাইরে একাধিক জায়গায় খাসিদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজন খাসিয়াকে গুরুতর আহত করা হয়।

বক্তারা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকে একশ্রেণীর ভূমিখেকো সিলেট বিভাগের পাহাড় থেকে আদিবাসীদের উচ্ছেদে নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। ওরা প্রকাশ্য সভা সমাবেশ খাসিয়াদের ভিনদেশী নাগরিক বলে উষ্কানীমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। যা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যকে বিনষ্ট করছে। এমন কার্যকলাপ শক্তভাবে দমন করা না হলে ভবিষ্যতে শান্তিশৃঙ্খলা বিনষ্ট ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তাই এই অশান্তি সৃষ্টির পেছনে থাকা ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.