Sylhet Today 24 PRINT

দিরাইয়ে সড়কের পাশ থেকে রক্তাক্ত তরুণীকে উদ্ধার

দিরাই প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের দিরাইয়ে সড়কের পাশ থেকে সাদিকা (২৪) নামের এক তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মদনপুর সড়কের উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর এলাকায় থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
 
তরুণীর কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। সে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে।
 
স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে যায়।
 
দিরাই হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মঞ্জুর আলম জানান, সাদিকা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, কিভাবে ঘটনাটি ঘটেছে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে পরিবার সূত্রে জানা গেছে কয়েক মাস পূর্বে সাদিকা বাড়ি থেকে পালিয়ে গিয়ে গোপনে সুনামগঞ্জের ওয়েজখালি এলাকার এক ছেলেকে বিয়ে করে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.