নিজস্ব প্রতিবেদক | ০৭ সেপ্টেম্বর, ২০২১
সিলেটে করোনাভাইরাসের গণ টিকাদান কর্মসূচির আওতায় দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
সকাল ৯টা থেকে সিলেট সিটি করপোরেশন এলাকার ২৭ টি ওয়ার্ডের ৮১ট কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়েছে। যা চলবে প্রতিদিন বিকেল ৩টা পর্যন্ত।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৫ বছরের ঊর্ধ্ব বয়সীরা গত ৭ আগস্ট থেকে ৯ আগস্ট গণটিকার আওতায় সিলেট নগররের ৬৬ হাজার ৪৪৬ জন প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। প্রথম দিন ৭ আগস্ট গণটিকার প্রথম ডোজ নেন ২২ হাজার ৭৫৩ জন, দ্বিতীয় দিন ২৪ হাজার ২৯৪ জন এবং তৃতীয় দিন ১৯ হাজার ৩৯৯ জন টিকা নেন। তাদের আজ থেকে তাদেরকে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, প্রথমবার নগরীর যেসব কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছিল, সেসব কেন্দ্রে দ্বিতীয়বারও টিকা দেওয়া হচ্ছে। টিকা গ্রহণের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকবে।
তিনি বলেন, আগেরবার তিন দিনের মধ্যে প্রথম দিন যে ব্যক্তি যে কেন্দ্রে টিকা নিয়েছিলেন, এবারও প্রথম দিন সেই কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি টিকার দ্বিতীয় ডোজ নেবেন। দ্বিতীয় দিন নিলে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন নিলে তৃতীয় দিন কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে। এতে কোনো বিশৃঙ্খলা করা বা ধারাবাহিকতার ব্যত্যয় ঘটানো যাবে না।