Sylhet Today 24 PRINT

অবেশেষে কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরো দু’জন

নিজস্ব প্রতিবেদক |  ২৬ নভেম্বর, ২০১৫

কয়েকদফা পিছিয়ে যাওয়ার পর অবশেষেসাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান তাদের সাক্ষ্যগ্রহণ করেন।

আজ (বৃহস্পতিবার) আদালতে হরমুজ আলী ও শমসের মিয়া সাক্ষ্য প্রদান করেন। বুধবার তাদের সাক্ষ্য দেয়ার কথা থাকলেও আদালতে পর্যাপ্ত আসামী হাজির না হওয়ায় তাদের সাক্ষ্যগ্রহণ করা থেকে বিরত থাকেন বিচারক। এ পর্যন্ত এই হত্যা মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।

আদালত আগামী ২ ও ৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর।

কিশোর কুমার কর জানান- কিবরিয়া হত্যা মামলায় কারান্তরিণ ১৪ আসামীর মধ্যে বৃহস্পতিবার আদালতে ১২ জন উপস্থিত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে সিলেট সিটি করপোরেশনের বহিস্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়নি।

এডভোকেট কিশোর কর আরো জানান, কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.