Sylhet Today 24 PRINT

পাউরুটিতে টিকটিকি: এশিয়া ফুডসকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৯ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজারে অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার এ তথ্য নিশ্চিত করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন।

তিনি বলেন, নগরীর চাঁদনীঘাট ব্রিজ এলাকার নুসরাত এন্টারপ্রাইজ থেকে ১৬ আগস্ট পাউরুটি কিনে বাসায় নেন গৃহিণী শবনম বেগম। খাবারের সময় পাউরুটির মধ্যে টিকটিকি দেখতে পান তিনি।

এর পরপরই তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। ভোক্তা অধিকার কার্যালয়ে শুনানি শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, পাউরুটি উৎপাদনদকারী প্রতিষ্ঠান এশিয়া ফুডসের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে প্রমাণসহ একটি লিখিত অভিযোগ করেন শবনম বেগম।

অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযোগকারী এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের উপস্থিতিতে বুধবার সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে শুনানি হয়।

অভিযোগ প্রমাণ হওয়ায় এশিয়া ফুডসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ কোম্পানির ব্যবস্থাপক আওলাদ হোসেন তাৎক্ষণিক পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী শবনমকে জরিমানার ২৫ শতাংশ, অর্থাৎ ৭ হাজার ৫০০ টাকা দেয়া হয়।

এশিয়া ফুডসের ব্যবস্থাপক আশ্বস্ত করেন, পুনরায় এ ধরনের ভুল তাদের প্রতিষ্ঠানের হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.