Sylhet Today 24 PRINT

থানায় পুলিশের কলার চেপে ধরেছিলেন ইউপি সদস্য, আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০২১

মহাসড়কে ইজিবাইক ছাড়িয়ে নিতে এসে পুলিশের কলার চেপে ধরার অভিযোগে সিলেটের জৈন্তাপুরের এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ওই ইউপি সদস্যের নাম মো. ইসমাইল আলী। তিনি জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছোট ভাই।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে জৈন্তাপুর থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করায় সিলেটের তামাবিল মহাসড়ক দিয়ে চলাচলকারী কয়েকটি ইজিবাইক আটক করে জৈন্তাপুর থানা-পুলিশের একটি দল। সন্ধ্যায় আটক ইজিবাইকগুলো জৈন্তাপুর থানা প্রাঙ্গণে রাখা হয়। রাত আটটার দিকে একটি ইজিবাইক ছাড়িয়ে নিতে থানায় যান মো. ইসমাইল হোসেন। সেখানে কর্তব্যরত পুলিশের দুজন সদস্যের সঙ্গে তার কথা-কাটাকাটি হওয়ার একপর্যায়ে এক পুলিশ সদস্যের কলার চেপে ধরেন তিনি। এসময় হাতাহাতির ঘটনাও ঘটে।

থানার কম্পাউন্ড থেকে এ দৃশ্য দেখে কয়েকজন পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ওই ইউপি সদস্যকে আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে (ইসমাইল) আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.