Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগরের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ০৯ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা পদত্যাগ করেছেন৷ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পদত্যাগ পত্র প্রেরণ করেন৷

প্রেমসাগর হাজরা গত ৬ জুন থেকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন৷

বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রেমসাগর হাজরা সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, গত ২১ মে উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুর পর থেকেই প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছিলাম৷ গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসীল ঘোষনা করে। এই নির্বাচনে আমি প্রার্থী হতে আগ্রহী৷ সেই লক্ষ্যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে দলের কাছে আবেদনপত্র জমা দিয়েছি। আমি আশাবাদী দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিবে। আর যেহেতু পদে থেকে নির্বাচন করা যায় না তাই আমি পদত্যাগ করেছি৷

এদিকে প্রেমসাগর হাজরার পাঠানো পদত্যাগ পত্রটি সিলেটটুডের হাতে এসেছে। পদত্যাগ পত্রে প্রেমসাগর হাজরা লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন নির্বাচনের তফসীল ঘোষনা হয়েছে তাই তিনি নির্বাচন করতে আগ্রহী আর এ কারনেই তিনি পদত্যাগ করছেন৷

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলাম জানান, প্রেমসাগর হাজরা প্রেরিত পদত্যাগ পত্রটি আমরা পেয়েছি৷ এই পদত্যাগ পত্রটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে আমরা প্রেরণ করেছি৷

উল্লেখ্য আগামী ১৩ সেপ্টেম্বর এই উপ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন,প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ৭ অক্টোবর৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.