Sylhet Today 24 PRINT

‘যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন’: পাকিস্তানি পতাকা ও সিলেটের ডাকে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ নভেম্বর, ২০১৫

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

‘স্বাধীনতা চেতনা মঞ্চ’ ব্যানারে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। যুদ্ধাপরাধী নিয়ে নিজেদের মন্তব্য প্রত্যাহার না করলে পাকিস্তানের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বনের অভিযোগে পাকিস্তানের জাতীয় পতাকা ও দৈনিক সিলেটের ডাকের কয়েকটি কপিতে অগ্নিসংযোগ করা হয়।

যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের গায়েবানা জানাজার সংবাদে মুজাহিদের নামের আগে ‘শহীদ’ বিশেষণ ব্যবহার করায় মানবন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষুব্ধ হয়ে সিলেটের ডাকের কপিতে অগ্নিসংযোগ করেন।

মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বলেন, পাকিস্তান সীমা লঙ্ঘন করেছে। তারা প্রমাণ করেছে সাকা-মুজাহিদ পাকিস্তানের এজেন্ট ছিলো।

পাকিস্তানকে নিজেদের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে কামরান বলেন, আমাদের দেশেও অনেকে যুদ্ধাপরাধীদের শহীদ আখ্যা দিচ্ছেন। তাদের সাবধান হতে হবে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর জাসদের সভাপতি জাকির আহমদ, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, শফিউল আলম নাদেল, আব্দুর রহমান জামিল, সংস্কৃতি কর্মী আমিনুল ইসলাম লিটন, শামসুল বাসিত শেরো, মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামছুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, বর্তমান সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.