Sylhet Today 24 PRINT

দুই নারীকে কুপিয়ে হত্যা, একজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক |  ০৯ সেপ্টেম্বর, ২০২১

দুই নারীকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে মখলিছ (৫৫) নামের ওই আসামির ফাঁসির আদেশ এবং তার স্ত্রী রাহেলা বেগম (৪৮) কে তিন বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।

সিলেটের গোয়াইনঘাটের মালেকা বেগম (৫০) ও হাসিনা বেগম (৪৫) নামে দুই নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে মখলিস ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০১৪ সালে মামলা হয়।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এই মামলার রায় হয়। মামলায় ১৯ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

ঘটনার বিবরণ দিয়ে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলি নিজাম উদ্দিন বলেন, মখলিসের সাথে ওই দুই নারীর পরিবারের মূর্তা বেতের জমি নিয়ে বিরোধ ছিলো। তারা তিনজনই গোয়ানইঘাট উপজেলার পাংথুমাই গ্রামের বাসিন্দা। ২০১৪ সালের ২৫ এপ্রিল গ্রামের জমসু মিয়ার স্ত্রী মালেকা বেগম ও আজির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগমকে কুপিয়ে হত্যা করেন মখলিছ। এসময় তাকে সহযোগীতা করেন তার স্ত্রী রাহেলা বেগম।

তিনি বলেন, এই মামলার রায়ে বৃহস্পতিবার মখলিসকে ফাঁসির আদেশ প্রদান করা হয়। এছাড়া তার স্ত্রী রাহেলা বেগমকে তিন বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

আদালত সূত্র জানায়, মালেকা বেগম ও হাসিনা বেগমকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহত হাসিনা বেগমের ছেলে আব্দুস সবুর চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে গোয়াইনঘাট থানার তৎকালীন এসআই মশিউর রহমান ২০১৬ সালের ১৩ এপ্রিল দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন। তদন্তে অপর দুইজনের সংশ্লিষ্টতা না থাকায় তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.