গোয়াইনঘাট প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০১৫
সিলেটের গোয়াইনঘাট উপজেলার থুবরী শিলচান্দ জলমহাল অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সালাউদ্দিনের নেতৃতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় মনাফ বাহিনীর কয়েক শতাধিক লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে অভিযান পরিচালনাকারি দলের উপড় হামলা চালায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২শ ২২ রাউন্ড শর্টগানের গুলি, ১৪ রাউন্ড গ্যাস সেল ও ২ রাউন্ড চাইনিজ বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোয়াকুল ইউনিয়নের থুবরী শিলচান্দ জলমহালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, এসআই আরিফুর রহমান, মোঃ জাকির হোসেন, এ এস আই আব্দুল মন্নান, ওযায়ের ফারুক, লুৎফুর রহমান, পুলিশ সদস্য আবু বকর সিদ্দিক, সোহেল আহমদ, তরিকুল ইসলাম, আমান উল্লাহ ও ইজারাদার পক্ষের মাষ্টার হেলাল উদ্দিন, সিরাজ উদ্দিন ও বোরহান উদ্দিন সহ ৩০/৩৫ জন আহত হয়। আহতদের মধ্যে মাষ্টার হেলাল উদ্দিন, সিরাজ উদ্দিন ও বোরহান উদ্দিনের অবস্থা আশংকা জনক। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন করেছেন। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মনাফ বাহিনীর আহতদের নাম পাওয়া যায়নি।
জানা যায়, থুবরী শিলচান্দ জলমহালটি ইজারা বহির্ভূত ভাবে মনাফ বাহিনীর লোকজন ১৫-২০ দিন থেকে অবৈধভাবে দখল করে রেখেছিল। কিন্তু জলমহালের ইজারাদার মানাউরা প্রভাতি মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে জলমহালটির দখল বুঝে পাওয়ার জন্য সিলেটের জেলা প্রশাসকের বরাবরে একটি লিখিত আবেদন করেন। এরই প্রেক্ষিতে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে অভিযান চলাকালীন সময়ে এঘটনা ঘটে।
এ ব্যাপারে থুবরী শিলচান্দ গ্রুপ জলমাহলের ইজারাদার মানাউরা প্রভাতি মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তীর্থ রঞ্জন সরকার সংবাদিকদের জানান আমরা সরকারের নীতিমালা অনুযায়ী থুবরী শিলচান্দ জলমহালটি ইজারা নিয়েছি। কিন্তু মনাফ বাহিনী উক্ত জলমহালটি জোরপূর্বক দখল করে নেয়। আমাদের আবেদনের প্রেক্ষিতে আজকের এই অভিযানেও মনাফ বাহিনী পুলিশ সহ সাধারণ জনগণের উপর হামলা চলায়।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সালাউদ্দিন বলেন থুবরী শিলচান্দ জলমহালটি মানাউরা প্রভাতি মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড বৈধভাবে সরকারী নিয়ম অনুযায়ী ইজারা গ্রহণ করে। কিন্তু স্থানীয় আব্দুল মনাফ ও তার বাহীনির কয়েক শতাধিক লোকজন উক্ত জল মহালটি জোরপূর্বক দখল করে রেখেছিল। আজ (বৃহস্পতিবার) অভিযান পরিচালনা করে জলমহাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। অভিযানে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন সহ শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।