Sylhet Today 24 PRINT

অসুস্থ ভাইয়ের জীবন বাঁচাতে কিডনি দিলেন সোয়েব

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১৮ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে বড় ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন আপন ছোট ভাই।

গত বুধবার সফল অস্ত্রোপচার শেষে তারা দুই ভাই বর্তমানে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাইয়ের জন্য ভাইয়ের এমন দৃষ্টান্ত স্থাপনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ভালিশ্রী গ্রামের মরহুম জহির আলীর তিন পুত্র। এরমধ্যে বড় ছেলে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন। দ্বিতীয় ছেলে কোরআনে হাফিজ রুহুল আমিন পরিবারের কাজকর্ম করতেন। আর ছোট ছেলে সোয়েব আহমদ সিলেটের মদন মোহন কলেজের অনার্স ২য় বর্ষ শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, গেল বছর হাফিজ রুহুল আমিনের হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা অনুভব হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করে কিডনিজনিত সমস্যা ধরা পড়ে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে গত ৭ মাস ধরে ঢাকার কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা তার ২ টি কিডনি বিকল হয়ে যাওয়ার কথা জানিয়ে যত দ্রুত সম্ভব রুহুল আমিনকে কিডনি প্রতিস্থাপনের করার কথাও বলেন।

এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আপন ছোট ভাই সোয়েব আহমদ বড় ভাইকে বাঁচাতে পাশে দাঁড়াযন। স্বেচ্ছায় কিডনি দিতে জানায় সোয়েব। গত বুধবার পরিবারের সকলের মতামতে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তাদের অস্ত্রোপচার করা হয়। ওই দিন বিকেল ৩ টার দিকে তাদের অস্ত্রোপচার শুরু হয়। ৪ ঘণ্টার অস্ত্রোপচারের পর বর্তমানে তারা দুই ভাই সুস্থ রয়েছেন।

কিডনি প্রতিস্থাপনের বিষয়টি সত্যতা নিশ্চিত করে সোয়েবের ভগ্নীপতি কাজি আহমদ বলেন, অপারেশনের পর এখন তারা সুস্থ রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.