Sylhet Today 24 PRINT

ওয়াকফ প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক |  ১৯ সেপ্টেম্বর, ২০২১

সিলেট বিভাগীয় কমিশনার, বাংলাদেশের ওয়াকফ প্রশাসক সহ ১৫জনকে বিবাদী করে সিলেটের যুগ্ম জেলা জজ ৩য় আদালতে স্বত্ব মামলা (মোকদ্দমা নং ৪০/২০২১ইং) দায়ের করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পিঠাকরা গ্রামের মো. ইলিয়াছ আলী। গত ১২ সেপ্টেম্বর এই মামলা দায়ের করেন তিনি।

মো. ইলিয়াছ আলী জানান, হযরত শাহজালাল (রহ.) সাথে সিলেটে এসেছিলেন শাহ সিকান্দার (রহ.)। তার মাজার রয়েছে পিঠাকর গ্রামে। এই মাজারের সংশ্লিষ্ট ভূমি নিয়ে একটি পক্ষের সাথে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে তার। মাজারের কাগজ পত্রে এবং ডিপি, এসএ ও বিএস রেকর্ডে শাহ সিকান্দার রহ. দরগাহ নামে রেকর্ড থাকলেও ইদানিং শাহ সুনামদি গং নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে মাজারটি দখলের অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তার। এ নিয়ে গ্রামের একটি প্রভাবশালী তার উপর কয়েক দফা হামলা ও সাজানো মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ রয়েছে। তাই গত ১২ সেপ্টেম্বর সিলেটের যুগ্ম জেলা জজ ৩য় আদালতে স্বত্ব মামলা (মোকদ্দমা নং ৪০/২০২১ইং) দায়ের করেন পিঠাকরা গ্রামের মো. ইলিয়াছ আলী।

মো. ইলিয়াছ আলী মাজারের রেকর্ডীয় মালিকের উত্তরাধিকারী দাবি করে বলেন, নালিশা সম্পত্তি আমার ও আমার পূর্ব পুরুষের এবং গতানুগতিক ভাবে আমি ও উত্তরাধিকারীগণ উক্ত দরগাহের বৈধ মালিক ও দখলকার হিসাবে শাহ সিকান্দার রহ. দরগাহ নামে মাজারটি পরিচালনা করে আসতেছি। শাহ সিকান্দার দরগাহ নামে মাজারের নিরঙ্কুশ সত্ত্ব ঘোষণা ও তথায় ওয়াকফ প্রশাসকের শাহ সুনাম উদ্দিন কল্পিত মাজার নাম বাতিলের দাবিতে আমি মামলাটি দায়ের করেছি।

এ ব্যাপারে সিলেট জেলা বারের আইনজীবী মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ভূমির কাগজ ছাড়া স্বত্ব মালিকানা বা বাংলাদেশ ওয়াকফ এর তালিকাভুক্তির আইনগত সুযোগ নাই। হযরত শাহ সিকান্দার রহ. দরগাহের মালিকানার ভূমিতে উক্ত ইসি অকার্যকর ও কোন ভাবেই প্রযোজ্য নহে। যুগ্ম জেলা জজ ৩য় আদালত সিলেট মামলাটি স্বত্ব ৪০/২১ইং হিসাবে আমলে নিয়ে বিবাদীর প্রতি সমন ইস্যুর আদেশ প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.