হবিগঞ্জ প্রতিনিধি | ১৯ সেপ্টেম্বর, ২০২১
হবিগঞ্জের বানিয়াচংয়ে নদীতে মাছ ধরতে গিয়ে মোশারফ চৌধুরী (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়েও তার কোন খোঁজ পাচ্ছে না।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার প্রতাপপুর এলাকার পার্শ্ববর্তী রত্না নদীতে নৌকা দিয়ে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। নিখোঁজ মোশারফ চৌধুরী প্রতাপপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, মোশারফ চৌধুরী নামে ওই যুবক বাড়ির পার্শ্ববর্তী রত্না নদীতে একটি নৌকা দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে অসাবধানতা বশত নৌকা থেকে পরে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে সন্ধ্যা সাড়ে ৫ টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ উদ্ধার কাজ বন্ধ রয়েছে। আগামীকাল সকালে আবারও শুরু হবে।