Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে দেবরের হাতে ভাবি খুন, আটক ২

জৈন্তাপুর প্রতিনিধি: |  ২৪ সেপ্টেম্বর, ২০২১

আটক স্বামী-স্ত্রী।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দেবরের ছুরির আঘাতে ভাবি খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ ঘাতক দেবরসহ দুজনকে আটক করেছে।

বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের ওহাব আলীর স্ত্রী সোনারা বেগম (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দীর্ঘ দিন হতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। বৃহস্পতিবার ভোর ৬টায় সোনারা বেগম বাড়ির ওই অংশ হতে বাঁশ কাটতে যান। দেবর আব্দুল করিম বাঁশ কাটতে তাকে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায় আব্দুল করিম ধারালো ছুরি নিয়ে এসে সোনারা বেগমকে উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাশুর তোরাব আলী (৬৮) বাধা দিতে গেলে ছোট ভাইয়ের ছুরির আঘাতে তিনিও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত তোরাব আলীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) গোলাম দস্তগীর আহমদ, উপ পরিদর্শক (এসআই) আহমদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আব্দুল করিম (৩৮) ও তার স্ত্রী শিরিনা বেগমকে (৩০) আটক করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। আটকৃতদের কাছ থেকে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.