Sylhet Today 24 PRINT

শুক্রবার থেকে শাবির দিক থিয়েটারের ‘ত্রয়োবিংশের প্রত্যুষ’ শুরু

শাবি প্রতিনিধি: |  ২৪ সেপ্টেম্বর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’র উদ্যোগে ‘ত্রয়োবিংশের প্রত্যুষ’ শিরোনামে দুইদিনব্যাপী অনলাইন অনুষ্ঠান আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।

‘ত্রয়োবিংশের প্রত্যুষে এই অঙ্গীকার, নাটকে বাঁধিব জীবনের জয়গান’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির ২৩ তম বর্ষ উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হচ্ছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫টি সংগঠন অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন দিক থিয়েটারের সভাপতি আব্দুল বাছিত সাদাফ।

তিনি জানান, বর্তমানে আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি। করোনাকালীন সময়ে আমাদের স্বাভাবিক জীবনযাপন বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য কিছু সাহসী মানুষ অবিরাম লড়ে যাচ্ছেন চলমান মহামারীর বিরুদ্ধে। এই সকল যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে গত বছরের ন্যায় দিক থিয়েটার, ‘ত্রয়োবিংশের প্রত্যুষ’ অনুষ্ঠানটি তাদের প্রতি উৎসর্গ করছে।

তিনি আরো জানান, অনুষ্ঠানের প্রথমদিন ও দ্বিতীয় দিন (২৪ ও ২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি দিক থিয়েটারের ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল থেকে উপভোগ করা যাবে।

এতে অংশগ্রহণ করবে শাবিপ্রবির দিক থিয়েটার, ট্যুরিস্ট ক্লাব ও নোঙ্গর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর থিয়েটার, বুয়েটের কন্ঠ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ ও রঁদেভ‚ শিল্পীগোষ্ঠী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুঞ্জন ও প্রতিধ্বনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রঙ্গভ‚মি, চুয়েটের ভাষা ও সাহিত্য সংসদ ও জয়ধ্বনি, খুলনা বিশ্ববিদ্যালয়ের রিদম ও কৃষ্টি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অল স্টারস ড্যাফোডিল।

উল্লেখ্য, 'নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৯৯ সালের ১৮ আগস্ট থেকে দিক থিয়েটার তার পথচলা শুরু করে দিক নাট্য সংঘ নামে। কালের পরিক্রমায় দীর্ঘ ২২ বছর পাড়ি দিয়ে দিক থিয়েটারের পথচলা অব্যাহত আছে। বর্তমানে শাবিপ্রবি ক্যাম্পাস ছাপিয়ে পুরো দেশ জুড়ে এর কার্যক্রম চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.