নিজস্ব প্রতিবেদক | ২৪ সেপ্টেম্বর, ২০২১
জামায়াত-শিবিরের হাতে নিহত মুনির-তপন-জুয়েল হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছে জাসদ ছাত্রলীগ সিলেট জেলা শাখা।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত এক কর্মসূচিতে এই দাবি জানানো হয়। বিকেল ৪টায় সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে কোর্ট পয়েন্ট হতে একটি র্যালি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী এক সমাবেশে বক্তারা মুনির-তপন-জুয়েলের রক্তস্নাত সিলেটে একাত্তরের পরাজিত শক্তি আজও মাথাচাড়া দিয়ে আছে। তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে।
১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর জামায়াত-শিবির চক্রের হাতে নিহত শহীদ মুনির এ কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে, এনামুল হক জুয়েলের প্রতিকৃতিতে সিলেট জেলা ও মহানগর জাসদ, ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক এ. কে. কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল হাছিব চৌধুরী ও মুহি উদ্দিন আহমদ, মহানগর জাসদের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি সোহান চৌধুরী, ছাত্রনেতা নিজাম উদ্দিন, পারভেজ আহমদ, আব্দুস সামাদ, আমিনা এলাহী, সাইফুল ইসলাম রাজু, অলিদ আহমদ অমর, আবুল হোসেন হিরা, আরিফ ইসলাম প্রমুখ।