Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ফেসবুক স্ট্যাটাসের জের ধরে সংঘর্ষ, আহত ৬

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ২৪ সেপ্টেম্বর, ২০২১

সিলেটের বিয়ানীবাজারের জলঢুপে ফেসবুকে মন্তব্যের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে জলঢুপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাবেক ছাত্রনেতা জলঢুপ কালিবহর এলাকার কলিম উদ্দিন, কাদির আহমদ, জলঢুপ স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা কমলাবাড়ি এলাকার জামাল আহমদ, সাবেক ফুটবলার ডালিম উদ্দিন, বাবর আহমদ।

এ সময় সংঘর্ষ থামাতে আসা বেশ কয়েকজন আহত হন। তারা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও অবস্থা আশংকাজনক হওয়া কলিম আহমদ, ডালিম আহমদ সহ ৪ জনকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

অতর্কিত হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছন সাবেক ফুটবলার জামাল আহমদ বলেন, কাকরদিয়া এলাকায় ফুটবল খেলতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। জলঢুপ এলাকায় আসার পর কলিম-কাদিরসহ বেশ কয়েকজন হামলা করে। তাকে রক্ষা করতে এসে আরও কয়েকজন আহত হয়েছেন তাদের নিয়ে তিনি সিলেট যাচ্ছেন।

ফেসবুকে একটি মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে এই সংঘর্ষ বলে অভিযোগ কলিম আহমদের। স্থানীয়দের হামলায় তিনিসহ তারা বেশ কয়েকজন আহত হয়েছেন।

কলিম বলেন, ভাদেশ্বর এলাকার মীরগঞ্জে আমাদের নতুনকুঁড়ি ক্লাব ফুটবল খেলে পরাজিত হয়েছে। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে জামালের অনুসারীরা বাজে মন্তব্য করে। এর প্রতিবাদ জানালে জামাল-ডালিমরা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জলঢুপ এলাকায় গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.