Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে মেয়ে জামাই ও শ্বশুরবাড়ির লোকজনের সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি: |  ২৫ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে টিউবওয়েলের পাইপ ভাঙা নিয়ে মেয়ে জামাই ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এতে নারীসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার দুপুরে উপজেলার শিবপাশা গ্রামে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির একদল সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহত অবস্থায় রোখন মিয়া, আমান মিয়া, জুয়েল মিয়া, মহসিন মিয়া, মোবাশ্বির মিয়া, টিটু মিয়া, জনি মিয়া, কিরণ মিয়া, সামিউল হক, মুছা মিয়া, রেজ্জাক মিয়া, কবির মিয়া, শিমুল মিয়া, ফাতেমা বেগম, এবাদুর রহমান ও লতিফুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, ‘শিবপাশা গ্রামের মাতাবুর রহমান তার মেয়েকে বেশ কিছুদিন পূর্বে বিয়ে দেয় একই গ্রামের মোজাক্কির মিয়ার কাছে। তাদের বাড়ি পাশাপাশি। শনিবার মোজাক্কির মিয়ার চাচাত ভাইয়ের সাথে টিউবওলের পাইপ ভাঙা নিয়ে বাকবিতন্ডা হয় শ্বশুর মাতাবুর রহমানের। এরই প্রেক্ষিতে মেয়ে জামাই মোজাক্কির মিয়াসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্বশুর মাতাবুর রহমানের লোকজনের সাথে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়।’

(ওসি) আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে শুধু পাইপ ভাঙা নয় জামাই ও শ্বশুরের মধ্যে গ্রাম্য আরও বিভিন্ন বিষয়াধি নিয়ে বিরোধ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.