হবিগঞ্জ প্রতিনিধি | ২৭ নভেম্বর, ২০১৫
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রোগী দেখাকে কেন্দ্র করে ডাক্তারদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ ডাক্তারসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার উত্তর রানীগাঁও গ্রামের ফুল মিয়া ও চাটপাড়া গ্রামের আতাব উল্লার মাঝে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ হয়। রাতে সংঘর্ষে উভয়পক্ষের আহত লোকজন চিকিৎসার জন্য চুনারুঘাট হাসপাতালে যান। এক পক্ষের রোগী দেখার সময় অপর পক্ষের লোকজন তাদেরকে আগে দেখার জন্য কর্তব্যরত ডাক্তারদের উপর চাপ প্রয়োগ করেন। কিন্তু ডাক্তার গুরুতর আহতদের আগে চিকিৎসা দিতে থাকলে এক পর্যায়ে ডাক্তারদের উপর চড়াও হয় আতাব উল্লার লোকজন।
এতে ডাঃ মীরা পাল, ডাঃ রাজীব দত্ত, ডাঃ লতিফসহ ৫ জন আহত হন। এ ঘটনায় পুলিশ আতাব উল্লা ও তার ছেলে সালাউদ্দিনসহ ৪ জনকে আটক করেছে।