Sylhet Today 24 PRINT

টমটম-ইজিবাইক বন্ধ না হলে পরিবহন ধর্মঘটের ডাক

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০২১

জগন্নাথপুরে ব্যাটারিচালিত টমটম ও ইজিবাইকসহ অবৈধ যানবাহন আগামী বৃহস্পতিবারের মধ্যে বন্ধ করা না হলে আগামী শুক্রবার থেকে পরিবহন ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আন্দোলনকারীদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর গণপরিবহনের ‘ড্রাইভার্স ঐক্য পরিষদ’ এর আয়োজনে টমটম, ইজিবাইকসহ ব্যাটারিচালিত অবৈধ যান অপসারণের দাবিতে স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব অবৈধ যান বন্ধ করা না হলে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দেন।
শ্রমিকরা জানান, জগন্নাথপুরের প্রতিটি সড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম দীর্ঘদিন ধরে বেড়েছে। এসব যানের অধিকাংশ চালক অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ। ফলে দুর্ঘটনার পাশাপাশি সড়কজুড়ে বিশৃঙ্খলা লেগেই থাকে। এতে করে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

জগন্নাথপুর-সিলেট মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি গোলাম রব্বানী জানান, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ টমটম-ইজিবাইকসহ অবৈধ যানবাহন এবং ফিটনেস ও পারমিট রেজিস্ট্রেশনবিহীন যানের দখলে আছে জগন্নাথপুরের সড়কগুলো। এসব যান অপসারণের দাবি তাদের অনেকদিনের।

জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা না হলে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

জগন্নাথপুরের ইউএনও মো. সাজেদুল ইসলাম বলেন, এ বিষয়ে শ্রমিকদের নিয়ে আমরা বসব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.