Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের সিংগেরকাছ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০২১

সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ দেশে ও বিদেশে অবস্থানরত সকলের আর্থিক সহযোগিতায় মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

প্রায় ৪০ শতক জায়গার উপর দৃষ্টিনন্দন এ মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১৫৩ টাকা। নতুন এ মসজিদে এখন একসঙ্গে হাজারো মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন।

শুক্রবার (০১ অক্টোবর) নব-নির্মিত দৃষ্টিনন্দন ওই মসজিদের উদ্বোধন করা হয়। এর আগে ২০১৪ সালের ৯সেপ্টেম্বর সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ-বিদ্যালয় ও কলেজ হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সিংগেরকাছ পশ্চিমগাঁওয়ের বাসিন্দা আলহাজ আবারক আলী ওই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন।

নবনির্মিত ওই মসজিদ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা কমর উদ্দিন ছাহেবজাদায়ের ফুলতলী। বক্তব্যে তিনি বলেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যারা এ মসজিদ নির্মাণে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, নানাভাবে সহযোগিতা করেছেন তারা সকলেই আল্লাহ প্রদত্ত পুরস্কার পাবেন। কারণ মসজিদ-মাদ্রাসা নির্মাণকারীদের শ্রম কখনও বিফলে যায় না। কাজেই আমাদের সকল মুসলমানদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হচ্ছে আল্লাহর ঘর এ মসজিদটির হেফাজত করা খেদমত করা।

উদ্বোধনী সভায় সভাপতির বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ও মোতাওয়াল্লী ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান আলহাজ আবারক আলী। মসজিদ নির্মাণ কাজের মোট আয়-ব্যয় হিসাব উপস্থাপন করে তিনি বলেন, মসজিদ নির্মাণ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে সিংগেরকাছবাসী চির কৃতজ্ঞ।

দোয়া মাহফিলে মসজিদের ইমাম মাওলানা কবির আহমদ, প্রাক্তন ইমাম মাওলানা শামছুল হক নূরী, পশ্চিমগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম কাশেমী, স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন, ব্যবসায়ী ইসমাইল আলী, নিজাম উদ্দিন, আব্দুল মকিত, আব্দুল করিম, বেলাল আহমদ, আনছার আলী, মুয়াজ্জীন আব্দুল বারীসহ সিংগেরকাছ বাজারের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.