Sylhet Today 24 PRINT

সিলেটে দুদিনেই পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক |  ০২ অক্টোবর, ২০২১

সিলেটের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। গত দুদিন আগে যে পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে সেটা শুক্রবার ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে। পাশাপাশি বেড়েছে শাক সবজির দামও। শুক্রবার (১ অক্টোবর) সরেজমিনে সিলেটের বিভিন্ন মুদি দোকান ঘুরে এই চিত্র দেখা গেছে।

নগরীর মদিনা মার্কেট এলাকার সবজি বাজারে আসা ক্রেতা সামছুননাহার বলেন, দুদিন আগে ভ্রাম্যমাণ ভ্যান থেকে পেঁয়াজ কিনেছি ৩২ টাকা কেজিতে। অথচ আজ ভ্রাম্যমাণ ভ্যানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। একই পেঁয়াজ মুদি দোকানে ৪৫ টাকা কেজিতে বিক্রি করছেন বিক্রেতারা।  

শুক্রবার সরেজমিনে সিলেটের বিভিন্ন মুদি দোকান ঘুরে দেখা গেছে, আঁকার ভেদে পেয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে। এদিকে বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম শাক-সবজি। অন্যান্য সবজির পাশাপাশি এখন নগরীর বাজারগুলোতে সরবরাহ আছে মুলাশাক, লালশাক, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মূলাসহ আরও কয়েকটি শীতকালীন সবজির। তবে বাজারগুলোতেও চড়া দামেই বিক্রি হচ্ছে এসব সবজি।

নগরীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ৮০ টাকা কেজিতে। টমেটো ৮০ থেকে ১০০ টাকা, বাঁধাকপি ছোট ৫০ থেকে ৭০ টাকা, ফুলকপি ৬০ থেকে ৮০, মুলা ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লালশাক, মুলাশাক আটি প্রতি ১০টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি পেঁপে ৩০টাকা, চিচিঙ্গা, ঢেঁড়স, বরবটি, পটল ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা জানান আগে ভাগেই বাজারে আসায় শীতে এই সবজিগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। তবে ক্রেতারা বলছেন শীতের এই আগাম শাক-সবজির দাম অনেক বেশি।  

মদিনামার্কেটের এক ব্যবসায়ী বলেন, সিজনের আগে সবজি আনলে ক্রেতাদের চাহিদা থাকে বেশি। তাই একটু দাম দিয়েই পাইকারদের কাছ থেকে শীতের সবজি কিনে এনেছে। শিম, টমেটো, বাঁধাকপির মধ্যে ক্রেতাদের শিমের প্রতি আগ্রহই বেশি।

আরেক ক্রেতা হাফিজ রহমান বলেন, হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে গেছে। মুদি দোকান থেকে ৪৫ টাকার নিচে পেঁয়াজ কেনা যাচ্ছে না। বিক্রেতারা বলছেন পেঁয়াজের দাম আরও বাড়বে। এখনতো মনে হচ্ছে রাতারাতি পেঁয়াজের দাম ১০০ হয়ে যাবে।

এ ব্যাপারে বেশ কয়েকজন খুচরা ব্যবসায়ী বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তাই আমাদেরকেও দাম বাঁড়াতে হয়েছে। এখন বেশি দামে পেঁয়াজ এনে আমরা কম দামে বিক্রি করে নিজের লোকসানতো করতে পারবো না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.