নিজস্ব প্রতিবেদক | ২৮ নভেম্বর, ২০১৫
আইন শৃঙ্খলা বাহিনীর সবুজ সংকেত পেলেই ফেসবুক, ভাইবার, হোয়াটসএপ সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইট ও এপস খুলে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
শনিবার(২৮ নভেম্বর) সিলেট এমসি কলেজে ওয়াই-ফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা জানান প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, "অপব্যবহার রোধেই সাময়িকভাবে এগুলো বন্ধ রাখা হয়েছে। তবে এটি সাময়িক, সবুজ সংকেত পেলেই এসব মাধ্যম খুলে দেয়া হবে।" এ বিষয়ে সরকার সচেতন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সাইবার অপরাধ দমনে শিগগিরই আইন হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাইবার অপরাধ রোধে শিগগির আইন প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরির কাজ চলছে। শিগগিরই মন্ত্রিসভায় উঠবে এ বিষয়টি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জুনাইদ আহমেদ পলক বলেন, ছয় বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেখানে ১২ লাখ ছিল, বর্তমানে তা সাড়ে পাঁচ কোটিতে দাঁড়িয়েছে। প্রযুক্তির ক্ষেত্রে বর্তমানে বিশ্বে ঝুঁকি বাড়ছে।
এর আগে প্রতিমন্ত্রী বেসরকারি মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে এমসি কলেজে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন। এমসি কলেজের ৫০০ শিক্ষার্থী একসঙ্গে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি বক্তব্য দেন।